রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত আত্মহত্যা করেছেন বলে দেশটির সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সোমবার (৭ জুলাই) সকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সরকারি ডিক্রির মাধ্যমে বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়।

ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে তার বরখাস্তের ঘোষণা প্রকাশিত হয় এবং তার স্থানে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে উপমন্ত্রী আন্দ্রে নিকিতিনকে।

সাংবাদিকরা প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে বরখাস্তের কারণ জানতে চাইলে তিনি জানান, স্তারোভইতের বিরুদ্ধে ‘আস্থা হানির’ অভিযোগ ছিল না। তবে তিনি কোনো বিকল্প কারণও উল্লেখ করেননি।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, স্তারোভইতের মরদেহ একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এবং তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রী হওয়ার আগে রোমান স্তারোভইত ছিলেন কুরস্ক অঞ্চলের গভর্নর। ইউক্রেনের আকস্মিক হামলার আগে ওই অঞ্চল থেকে তিনি পদত্যাগ করেন। যদিও নিরাপত্তা ব্যর্থতার জন্য আংশিকভাবে তাকে দায়ী করা হচ্ছিল বলে জানা গেছে।

এই বরখাস্ত ও মৃত্যুর ঘটনাগুলো এমন এক সময় ঘটল, যখন রাশিয়ার বিমান পরিবহন ব্যবস্থা চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। রুশ ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানিয়েছে, গত এক সপ্তাহেই ৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি ফ্লাইট অন্যত্র স্থানান্তর এবং প্রায় ১,৯০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ফ্লাইট বাতিলের পেছনে ‘বহিরাগত হস্তক্ষেপ’ দায়ী বলে উল্লেখ করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন গত সপ্তাহে রাশিয়ার বিভিন্ন স্থানে ৪০০-রও বেশি দূরপাল্লার হামলা চালিয়েছে, যেগুলোর অধিকাংশ প্রতিহত করা হয়েছে।

রোমান স্তারোভইতের আকস্মিক মৃত্যু ও চলমান অস্থিরতা রাশিয়ার প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।